ইরানের ব্যাংক মেলাতের লাইসেন্স বাতিল করল তুরস্ক
ছবিঃ সংগৃহীত
শনিবার ভোরে প্রকাশিত সরকারি গেজেট থেকে জানা গেছে, তুরস্ক ইরানের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ‘ব্যাংক মেলাত’-এর লাইসেন্স বাতিল করেছে। বার্তা সংস্থা এএফপি আঙ্কারা থেকে এ খবর জানিয়েছে।
এ পদক্ষেপ এসেছে তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর। ইরান সরকারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে তেহরানভিত্তিক এই ব্যাংক। ওপেনস্যাংশনস হলো নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্যের একটি উন্মুক্ত ডাটাবেস; তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে ব্যাংকটির ওপর। ইরান সরকারই যে ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, সে তথ্যও দিয়েছে ডাটাবেসটি।
ব্যাংকিং আইনের ৭১(বি) ধারার কথা উল্লেখ করে লাইসেন্সটি বাতিল করেছে তুরস্কের নিয়ন্ত্রক সংস্থা। ধারাটির ভাষ্য অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের ‘কার্যক্রম অব্যাহত থাকলে আমানতকারী ও অংশগ্রহণ তহবিলের অংশীদারদের অধিকার এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।’
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে কথিত সম্পর্ক থাকার অভিযোগ তুলে একটি তুর্কি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। তার দুই সপ্তাহ পর তুরস্কের এই পদক্ষেপ এল। ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে অবশ্য তা স্পষ্ট নয়।