উপাচার্য অপসারণের প্রতিবাদে চুয়েটে দ্বিতীয় দিনেও ‘কমপ্লিট শাটডাউন’
ছবিঃ সংগৃহীত
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করার দাবিতে শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ পালন করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি সংহতি প্রকাশ করেছে শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনও।
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন।
গণস্বাক্ষর কর্মসূচি চলছে আন্দোলনের অংশ হিসেবে। তখন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন কাজে সময় পার করতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি হলো উপাচার্য পদে সায়েম স্যারকে পুনর্বহাল করা। এ দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত শাটডাউন অব্যাহত থাকবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। জানানো হয়েছে, বৈঠকটি হওয়ার কথা চট্টগ্রাম সার্কিট হাউসে, সকাল ১০টার পর। সেখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায়, তা নিয়ে আলোচনা হবে।
অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন গত ২৭ জুলাই। এর ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে অপসারণ করা হয় এবং নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
শিক্ষার্থীরা সোমবার রাত থেকেই অপসারিত উপাচার্যের পুনর্বহাল দাবিতে আন্দোলন শুরু করেন, আর ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয় মঙ্গলবার থেকে। কর্মসূচি দ্বিতীয় দিনেও অব্যাহত থাকায় অচল হয়ে আছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।