দিনের শুরুতেই সূচকে উল্লম্ফন, চাঙা দুই শেয়ারবাজার
ছবিঃ সংগৃহীত
দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী ধারা নিয়ে। এ তথ্য জানা গেছে দুই এক্সচেঞ্জ সূত্রে।
সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৬৩০ পয়েন্টে ওঠে, যা আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেশি। ৬ পয়েন্ট বেড়ে ডিএসই শরিয়াহ সূচক ১১২৫ পয়েন্টে এবং ৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ২১২৯ পয়েন্টে অবস্থান করে।
শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে এ সময়ে ১২৯ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়। যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার মধ্যে ২৯০টির দাম বেড়েছে, ৪২টির কমেছে এবং ৪৩টির শেয়ারদর ছিল অপরিবর্তিত। এর আগে লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছিল।
আগের অবস্থান থেকে সূচক ৬ পয়েন্ট কমে যায় সকাল ১০টা ১০ মিনিটে; পরে তা আবার ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শুরুর ২০ মিনিটের মাথায়, সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৫ হাজার ৬২৫ পয়েন্টে ওঠে, যা আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সকাল সাড়ে ১০টায় ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়ায়; পরবর্তী সময়েও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে ২৬ লাখ টাকার লেনদেন হয়। এ সময়ের মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানির, ৩টির কমেছে আর ৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।