বাইরে থেকে দেশ অশান্ত করতে চাইছে পলাতক ফ্যাসিস্টরা, হাওয়া দিচ্ছে গুপ্তরা: রিজভী
ছবিঃ সংগৃহীত
দেশকে অশান্ত করতে বিদেশ থেকে চেষ্টা চালাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা, আর দেশের ভেতরের গুপ্ত ও সুপ্তরা তাতে হাওয়া দিচ্ছে—এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বুধবার স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, একটি পক্ষ জ্বালানির দাম বেড়েছে—এমন দাবি তুলে রাজপথে নেমেছে। অথচ সংকট চলছে বিশ্বের বহু দেশেই। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, খবরের কাগজ পড়া উচিত তাদের। বিরোধী দল এখন নির্বিঘ্নে যেভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, তা গত ১৭ বছরে সম্ভব ছিল না।
তিনি উল্লেখ করেন, জামায়াত লংমার্চ করছে এক হাজার গাড়ি নিয়ে। তিনি বলেন, এত জ্বালানির অপচয় না ঘটালে রাষ্ট্রের সাশ্রয় হতো; এসব বিষয় জনগণ বোঝে।
রিজভী আরও বলেন, এত সংকট সত্ত্বেও জনগণকে সর্বোচ্চটা দিয়ে যাচ্ছে সরকার। অর্থনীতিকে উন্নতির পথে এগিয়ে নিচ্ছে তারেক রহমানের সরকার। বর্তমান সরকারের চেষ্টা হলো সীমিত সম্পদকে সর্বোত্তমভাবে কাজে লাগানো।