রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার, মামলা ৬২টি
ছবিঃ সংগৃহীত
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬২টি মামলা হয়েছে এবং একই সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গ্রেফতার হয়েছেন ৫৪৬ জন।
এসব তথ্য বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে রমনা বিভাগ, ৪৫ জনকে লালবাগ বিভাগ, ৭৭ জনকে ওয়ারী বিভাগ, ৭৩ জনকে মতিঝিল বিভাগ, ১০৯ জনকে তেজগাঁও বিভাগ, ১২৫ জনকে মিরপুর বিভাগ, ৪২ জনকে গুলশান বিভাগ, ৩৪ জনকে উত্তরা বিভাগ, ৩ জনকে গোয়েন্দা বিভাগ এবং ১ জনকে সিটিটিসি বিভাগ গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে উদ্ধার হয়েছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার। বিভিন্ন আলামত ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয় রাজধানীর নানা থানা এলাকায় পরিচালিত অভিযানে। ওই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।