
‘রামায়ণ’ চলাকালে অডিটোরিয়ামে শুধু নিরামিষ, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের এসভিএফ সিনেমাসের
ছবিঃ সংগৃহীত
পৌরাণিক ছবিকে ঘিরে দর্শকদের ধর্মীয় আবেগ ও ভক্তিকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গে ‘রামায়ণ: পার্ট ১’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহের ভেতরে কেবল নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ভারতের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন ‘এসভিএফ সিনেমাস’।
প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, দর্শকদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাতেই এই পদক্ষেপ। তবে বিধিনিষেধটি প্রযোজ্য কেবল ‘রামায়ণ’-এর প্রদর্শনী চলাকালে, তাও শুধু প্রেক্ষাগৃহের (অডিটোরিয়াম) ভেতরে।
এসভিএফ সিনেমাসের একজন মুখপাত্র বলেন, ‘কিছু চলচ্চিত্র কেবল সিনেমার চেয়েও বেশি কিছু। যখন “রামায়ণ” চলাকালীন পর্দায় হনুমান চালিসা বাজে, তখন প্রেক্ষাগৃহটি প্রায় একটি মন্দিরের মতো অনুভূতি দেয়, এবং আমরাও তা অনুভব করি।’
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের ভাষ্য, অন্য পৌরাণিক ছবি দেখানোর সময়ও দর্শকদের মধ্যে এমন ধর্মীয় শ্রদ্ধা ও আবেগ তারা লক্ষ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আগেও এমন ভক্তি দেখেছি। “মহাবতার নরসিংহ” প্রদর্শনের সময় অনেক দর্শক শ্রদ্ধাবশত নিজেরাই প্রেক্ষাগৃহের বাইরে জুতা খুলে রেখে ভেতরে প্রবেশ করেছিলেন। আবার “হনুমান অংশ” চলাকালীন দর্শকেরা আমাদের কাছে অডিটোরিয়ামের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়েছিলেন।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দর্শকদের সেই কথা তারা শুনেছে। ছোট কিন্তু আন্তরিক পদক্ষেপ হিসেবে ‘রামায়ণ’ দেখানোর সময় প্রেক্ষাগৃহের ভেতরে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হবে, যাতে প্রত্যেক দর্শক তাঁদের ভক্তি নিয়ে ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন।
তবে এসভিএফ সিনেমাস স্পষ্ট করেছে, প্রেক্ষাগৃহের বাইরের ফুড কাউন্টারে আমিষসহ নিয়মিত সব খাবার ও পানীয় আগের মতোই পাওয়া যাবে। অন্য যেকোনো ছবির প্রদর্শনীতেও খাবার পরিবেশনের স্বাভাবিক ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।
বিবৃতির ভাষ্য, এসভিএফ সিনেমাস সব সময় সব ধরনের দর্শকের আপন জায়গা হিসেবে কাজ করেছে, এখানে প্রত্যেক অতিথিকে স্বাগত জানানো হয়।
নীতিশ তিওয়ারির পরিচালনায় ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর। হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে দুই পর্বে তৈরি এই ছবির প্রথম পর্বে অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী।
সংখ্যার হিসাব
বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের ৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দিন বৃহস্পতিবার ৫ নভেম্বর ভারতে ছবিটির নিট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।
বিজনেস টুডের ১৬ নভেম্বরের প্রতিবেদনে স্যাকনিল্কের হিসাব তুলে ধরে বলা হয়, মুক্তির ১১ দিনে ছবিটি বিশ্বজুড়ে ১ হাজার ৩৮৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
