
প্রথমবার বনের বাইরে এসে খাবার চাইলেন আমাজনের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য
ছবিঃ সংগৃহীত
বহু বছর বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ না রাখা আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়াদের প্রায় ২০ জন সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে একটি সরকারি দলের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্রাজিলের আমাজন অঞ্চলে গত সোমবার (১৬ নভেম্বর) এই ঐতিহাসিক মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয়। বিরল দৃশ্যটি সম্প্রতি প্রকাশ করেছে আদিবাসী অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল।
সংস্থাটি জানিয়েছে, বনের বাইরে আসা আওয়ারা সরকারি দলের কাছে কাসাভা বা মিষ্টি আলু চান। সেগুলো নিয়ে তাঁরা আবার বনে ফিরে যান। ঘটনার ভিডিও করেন প্রতিবেশী আদিবাসী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা।
ব্রাজিলের আমাজনে থাকা আওয়াদের মোট সংখ্যা প্রায় ৩৫০; এর মধ্যে আনুমানিক ১০০ জনের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তাঁদের ভাষা তুপি-গুয়ারানি ভাষাপরিবারের গুয়াজা। শিকার আর বনজ সম্পদ সংগ্রহ করেই চলে তাঁদের জীবন।
সারভাইভাল ইন্টারন্যাশনালের ভাষ্য, আওয়াদের এই আকস্মিক যোগাযোগ তাঁদের জীবন ও পরিবেশের ওপর বাড়তে থাকা হুমকিকেও সামনে এনেছে। অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিরা দীর্ঘদিন ধরে তাঁদের আবাসস্থল আরারিবোইয়া অঞ্চলে ঢুকে পড়ছে। ফলে বননির্ভর এই জনগোষ্ঠীর খাদ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
আওয়াদের ভূমি রক্ষায় বহু বছর ধরে কাজ করছে প্রতিবেশী গুয়ারাজারাদের ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল। অবৈধ কাঠুরে ও খামারিদের সঙ্গে লড়তে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এই দলের অনেকে প্রাণ হারিয়েছেন।
এক বিবৃতিতে বনপ্রহরীরা বলেছেন, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখলের সরাসরি প্রভাব পড়ছে আওয়াদের জীবনযাত্রায়। আদিবাসীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাঁরা অবিলম্বে সরকারি পদক্ষেপ দাবি করেছেন।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বনে লাগাতার অনুপ্রবেশ তাদের অস্তিত্বকে গুরুতর বিপদে ফেলছে। চারপাশ থেকে বন ধ্বংস করে আওয়াদের ক্রমেই একটি ছোট এলাকায় আটকে ফেলা হচ্ছে। আরারিবোইয়া রক্ষায় ব্রাজিল সরকারকে প্রয়োজনীয় সম্পদ ও কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
১৯৮০-এর দশকের মাঝামাঝি সরকারি উদ্যোগে গড়া বসতিতে আওয়াদের একটি অংশ স্থানান্তরিত হয়েছিল; তবু নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারা তাঁরা অনেকাংশে ধরে রেখেছেন।
এক নজরে
পিবিএসে প্রকাশিত বার্তা সংস্থা এপির ২০২৫ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সারভাইভাল ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বিশ্বের ১০টি দেশে অন্তত ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী চিহ্নিত করা হয়েছে, যাদের বেশির ভাগের বাস দক্ষিণ আমেরিকায়।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: পিবিএস (এপি), অক্টোবর ২০২৫
