সৌদি অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে যুক্ত করতে আগ্রহী এলজিআরডি মন্ত্রী
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান সৌদি আরবের উন্নয়ন প্রকল্প ও অবকাঠামো নির্মাণসহ নানা গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশাবাদী, ‘সৌদি ভিশন ২০৩০’, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ সামনে রেখে দেশটির নানা উন্নয়নমূলক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশের জন্য।
মন্ত্রী এসব কথা বলেন বুধবার (২৩ সেপ্টেম্বর), সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে।
এসএবিসিসিআই সভাপতি বৈঠকে চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষে মন্ত্রীকে অভিনন্দন জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায়। মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন তিনি।
বৈঠকে জানানো হয়, এসএবিসিসিআই আগামী মাসে ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজন করবে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায়। এ আয়োজনে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে; পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ও হবে।
আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশি পণ্য ও সেবা সৌদি বাজারে আরও পরিচিতি পাবে এবং আরও বিস্তৃত হবে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা।
এসএবিসিসিআইয়ের এ উদ্যোগ সফল হোক—এমন কামনা করে মন্ত্রী এতে চেম্বারের সদস্যদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার ওপর জোর দেন।