দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস, চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
ছবিঃ সংগৃহীত
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশজুড়ে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে; পূর্বাভাসটি আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য।
পূর্বাভাসে সিনপটিক অবস্থা প্রসঙ্গে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। সকাল ৬টায় সেটি স্থল গভীর নিম্নচাপ আকারে উপকূলীয় অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
ঢাকায় ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে। ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
ঢাকায় আজ সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে সূর্যাস্ত হবে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে। ফেনীতে গতকাল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা দেশের সর্বোচ্চ।
বান্দরবানে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।