মিরপুরের জুলাই হত্যাকাণ্ড: কামাল মজুমদার-ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ
ছবিঃ সংগৃহীত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়। চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে চালানো হত্যাযজ্ঞকে কেন্দ্র করে মামলাটি দায়ের হয়েছিল।
ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য। অন্য আসামিদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি প্রসিকিউশন।
অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা পড়ে সোমবার (২৮ সেপ্টেম্বর)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
প্রসিকিউশনের বক্তব্য থেকে জানা যায়, তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করেছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে যাচাই-বাছাই শেষে প্রতিবেদনটিকে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগে রূপ দেওয়া হয় এবং তা উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে।