জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ
ছবিঃ সংগৃহীত
আজ সোমবার দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় যে সময়সূচি প্রকাশ করেছে, তাতে এ তথ্য রয়েছে।
২৮ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা চলবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। ২২০২ কোডের এ পরীক্ষার প্রতিটিই দুপুর ১টায় শুরু হবে। কত সময় ধরে পরীক্ষা চলবে, তা লেখা থাকবে প্রশ্নপত্রেই।
সূচি বলছে, প্রথম পরীক্ষা হিসেবে আজ নেওয়া হবে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা।
পরবর্তী সময়ে ভিন্ন ভিন্ন তারিখে নেওয়া হবে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ নানা বিভাগের পরীক্ষা।
ব্যাবহারিক পরীক্ষা হবে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর; এর তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। সে তথ্য জেনে নেওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির আরেক নির্দেশনায় বলা হয়েছে, তত্ত্বীয় সব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক বের করা যাবে না। এ ছাড়া প্রয়োজন মনে করলে কোনো কারণ না দর্শিয়েই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।