ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবিঃ সংগৃহীত
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ আয়োজন করা হয়। মিছিলটি বের হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে, জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে।
মিছিলে যোগ দেন জেলা ও উপজেলা পর্যায়ের ১৪টি ইউনিটের শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিল শেষ হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে, যেখানে পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে আরও যোগ দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।