শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার: শ্রমমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমজীবী নারীদের সার্বিক কল্যাণ, অধিকার রক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
নারী শ্রমিকদের জন্য চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নির্মাণ করা ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ শুক্রবার সকালে পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
তিনি জানান, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য তৈরি করা এ হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র যাতে দ্রুত চালু করা যায়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কালুরঘাট শিল্প এলাকায় কর্মরত শ্রমিকের সংখ্যা অন্তত দুই লাখ এবং তাদের বড় একটি অংশ নারী। নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবাসহ শ্রমজীবী নারীদের নানামুখী সংকট দূর করতে এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোস্টেল এবং পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ গোটা কেন্দ্র তিনি পরিদর্শনের সময় ঘুরে দেখেন।
তিনি বলেন, সরকারের কয়েকশ কোটি টাকা এ স্থাপনায় বিনিয়োগ হলেও বিভিন্ন কারণে তা এখন পর্যন্ত চালু করা যায়নি। শ্রমজীবী নারীদের কল্যাণে ভবনটি কীভাবে কাজে লাগানো যায় এবং এর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে কারিগরি ও আইনগত সব দিক পর্যালোচনার পর। সে লক্ষ্যে মেয়র, এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা থাকবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।