বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা
ছবিঃ সংগৃহীত
১৬৯ স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা; এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির বায়ুমান স্কোর ২০৪। বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
শনিবার (৩ অক্টোবর) এই তথ্য পাওয়া গেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে।
আইকিউএয়ারের সূচক বলছে, ১৭৩ স্কোর নিয়ে এদিন তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ১৬৯; ভারতের আরেক শহর দিল্লি ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ এবং কুয়েতের কুয়েত সিটি ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।
আইকিউএয়ারের মানদণ্ডে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয় স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’, আর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।