ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪১৪ জন, মামলা ৫৯টি
ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪১৪ জন গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়মিত যে মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান চালায়, তাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৫৯টি মামলা।
ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, অভিযানে বিভাগওয়ারি গ্রেপ্তারের সংখ্যা হলো রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন।
অভিযান চলাকালে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি। পাশাপাশি উদ্ধার করা হয় ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক এবং নগদ ৯ হাজার ৫৭০ টাকা। ওই অভিযানেই একজন ভিকটিমও উদ্ধার হয়েছেন।
ডিএমপি জানায়, এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে।
ডিএমপি জানিয়েছে, যাঁরা গ্রেপ্তার হয়েছেন, সংশ্লিষ্ট থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।