নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে প্রাণ গেল মেকানিকের
ছবিঃ সংগৃহীত
এসির কম্প্রেসর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জীবন বর্মন (২৫) নামের এক মেকানিক। রাজধানীর নয়াপল্টনে ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জীবন বর্মনের বাবার নাম সচিন বর্মন; বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামে।
নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে জীবন এসি মেরামত করছিলেন। কাজ চলার একপর্যায়ে এসির কম্প্রেসর বা সিলিন্ডার আচমকা বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা পরে উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।