দুই দিন পর সচল কিউ-ক্যাশ, ৩০ ব্যাংকের সব সেবা স্বাভাবিক
ছবিঃ সংগৃহীত
কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জানিয়েছে, ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড ও পিওএসসহ সব ধরনের সেবা দুই দিন অচল থাকার পর ফের সচল হয়েছে।
কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের জেরে এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর প্রায় ৩০টি ব্যাংকের নানা ধরনের কার্ড ও লেনদেন সেবা অচল হয়ে পড়ে। এর প্রভাবে বিঘ্নিত হয় এটিএম, পিওএস ও কার্ড লেনদেন; কিছু আন্তঃব্যাংক লেনদেনেও ব্যাঘাত ঘটে।
বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে এবং দ্রুত সেবা সচল করার নির্দেশ দেয়। পরে মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশের পক্ষ থেকে জানানো হয়, তাদের অধীনে থাকা সব সেবা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
একটি খুদে বার্তায় ব্যাংক এশিয়াও জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা সম্পূর্ণ চালু আছে; গ্রাহকেরা স্বাভাবিক নিয়মেই লেনদেন করতে পারবেন।