ভোরে খুলনার বিএল কলেজ গেটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
ছবিঃ সংগৃহীত
বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মহিদুল ইসলাম (২২) নামের এক যুবক। সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় এখন তাঁর বসবাস; একটি তেলের ডিপোতে তিনি গাড়ি পরিষ্কারের কাজ করেন। গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মহিদুল ভোরে নাশতা করতে গিয়েছিলেন বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে। কিছু সময় পর তাঁকে ঘিরে ধরে ৮ থেকে ১০ জন যুবক। একপর্যায়ে তারা মহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে তাঁর পেটে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন পরে মহিদুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতাল সূত্রের ভাষ্য, গুলি তাঁর শরীর ভেদ করে বাইরে বেরিয়ে গেছে। সেখানে সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি রাখা হয়েছে। গুরুতর অবস্থায় আছেন তিনি।
ঘটনা সম্পর্কে মহিদুলের ভাই শহিদুলের ভাষ্য, ‘আমার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’
এ বিষয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাকের ভাষ্য, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।’