দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় তামাকমুক্ত দিবস
ছবিঃ সংগৃহীত
জাতীয় তামাকমুক্ত দিবস আজ বৃহস্পতিবার। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছরের জন্য নির্ধারিত প্রতিপাদ্য—‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন’।
বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে প্রতিবছর দেশে জাতীয় তামাকমুক্ত দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে ধানমন্ডির আবাহনী খেলার মাঠের সামনে বৃহস্পতিবার সকাল ৯টায় অবস্থান কর্মসূচি রাখা হয়েছে। বাটার উদ্যোগে আয়োজিত কর্মসূচিটিতে সম্মিলিতভাবে যোগ দিচ্ছেন তামাক নিয়ন্ত্রণে কাজ করা ৩৫টি সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তামাকবিরোধী সংগঠনগুলো সভা, সেমিনার, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।