‘আগে অর্থনীতি ঠিক করুন’—বিনিয়োগ টানতে স্থিতিশীলতার তাগিদ অ্যামচেমের সাবেক সভাপতির
ছবিঃ সংগৃহীত
আমেরিকান চেম্বার অ্যামচেমের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ মন্তব্য করেছেন, বিদেশি বিনিয়োগ পেতে চাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকা জরুরি।
তাঁর ভাষায়, ‘আমি বলব, ইনভেস্টমেন্ট ক্লাইমেট একেবারেই অনুকূলে নেই। আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। আপনি যদি আবারও আন্দোলনের হুমকি দেন, তাহলে অর্থনীতির কী হবে? আগে অর্থনীতিটাকে দাঁড়াতে দিন। সবাই মিলে অর্থনীতি টিকিয়ে রাখুন। সবকিছু স্বাভাবিক থাকতে দিন। আগে অর্থনীতি ঠিক করুন, পরে মারামারি-কাটাকাটি যা ইচ্ছা করুন। অর্থনীতি যদি ঠিক না হয়, তাহলে এসব করে কী লাভ হবে?’
বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে গতকাল বিশ্লেষণ করার সময় এ কথা বলেন সৈয়দ এরশাদ আহমেদ। তাঁর মত হলো, ব্যবসাই যদি না থাকে, সরকার ট্যাক্স নেবে কার কাছ থেকে? সে জন্য সরকারকে পরিকল্পনা করতে হবে ঠান্ডা মাথায়। সবকিছু স্মুথ চলছে এবং সব স্বাভাবিক আছে—এই নিশ্চয়তা বিনিয়োগকারীদের দেওয়া দরকার। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষভাবে প্রয়োজন অবকাঠামো ঠিক রাখা এবং বিদ্যুৎ-জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা। প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বন্দরকেও কার্যকর রাখতে হবে।
সৈয়দ এরশাদ আহমেদ আরও বলেন, পুঁজি আনাই বিদেশি বিনিয়োগের একমাত্র অবদান নয়; প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা, দক্ষতা ও কর্মসংস্থানও এর মাধ্যমে বাড়ে। এসব বিষয় ঠিক করতে হবে সবকিছুর আগে।