ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৪ কেজির কষ্টিপাথরের মূর্তি জব্দ
ছবিঃ সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) বুধবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ে অভিযান পরিচালনা করে। এতে আটক হয়েছে একটি কষ্টিপাথরের মূর্তি, যার ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল রাতে অভিযানে যায় একটি বিশেষ টহল দল; নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি। সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে বাংলাদেশের প্রায় ৭ কিলোমিটার অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় থাকা একটি কষ্টিপাথরের মূর্তি সেখান থেকে উদ্ধার হয়।
উদ্ধার হওয়া ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের এই মূর্তির সিজারমূল্য বিজিবি হিসাব করেছে ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, তারা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনেও এমন অভিযান চলবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রুখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।