কুমার নদীতে স্থায়ী বাঁধ দিয়ে মাছ শিকার: কাশিয়ানীতে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবিঃ সংগৃহীত
কুমার নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ ধরার একটি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশখালী ইউনিয়নের বলুগ্রাম দক্ষিণপাড়া গ্রামে নদীর ওই অংশে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা। সার্বিক সহযোগিতা দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ।
নদীতে স্থায়ী বাঁধ দিয়ে মাছ ধরার অবৈধ স্থাপনাটি অভিযানের সময় উচ্ছেদ করা হয়। এমন স্থাপনার কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের চলাচল ও প্রজননেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং অবৈধভাবে বাঁধ নির্মাণ করে নদীতে মাছ ধরা বন্ধ করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা বন্ধ করা জরুরি; নদী ও উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজনন নিশ্চিত করতেই তা দরকার। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সংশ্লিষ্ট দপ্তর।