বিএনএনসির ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে মজিবুর রহমান, যোগদান ১৮ অক্টোবরের মধ্যে
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে মোহাম্মদ মজিবুর রহমানকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করেছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক (ভারপ্রাপ্ত) এবং নিওনেটোলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। এর সভাপতি প্রধানমন্ত্রী, আর নির্বাহী কমিটির সভাপতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে সহায়তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পুষ্টিবিষয়ক কার্যক্রমের সমন্বয়, জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং পুষ্টিবিষয়ক গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটির প্রধান কাজ।