কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
ছবিঃ সংগৃহীত
বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কুষ্টিয়ার সীমান্ত এলাকায়; সেখানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে চালানো এ অভিযান ছিল সীমান্তে মাদক চোরাচালান রোধে চলমান অভিযান ও নজরদারিরই অংশ।
এ সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় আট বোতল ভারতীয় মদ এবং চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, যা উদ্ধার করা হয়। জব্দ হওয়া এসব মাদকের দাম আনুমানিক ১২ লাখ ১২ হাজার টাকা।
মালিকবিহীন অবস্থায় উদ্ধার এসব মাদকদ্রব্য বিধি মেনে মেহেরপুরের গাংনী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার করার সঙ্গে সঙ্গে বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান ঠেকানোর লক্ষ্যে এমন অভিযান চলতে থাকবে।