রমনা পার্কের পাশের ফুটপাতে মিলল অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ
ছবিঃ সংগৃহীত
অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে পুরুষের (৬৫) লাশ পাওয়া গেছে রাজধানীর রমনা পার্কসংলগ্ন ফুটপাতে; পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করেছে।
খবর পাওয়ার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জানান রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান। লাশটি উদ্ধার হয় থানাধীন এনএসআই হেডকোয়ার্টার্সের বিপরীত দিকে রমনা পার্কের লাগোয়া ফুটপাত থেকে।
এসআই বলেন, লোকটির শরীরে কোমরের নিচের অংশে পচন ধরে গিয়েছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মৃত ব্যক্তি কে, তা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এসআই তানভীর হাসান। পাশাপাশি বাকি আইনি প্রক্রিয়াও চলছে।