ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে
ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর জানানো হবে—এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অবশ্য উপনির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে শুক্রবার রাতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, স্থায়ী কমিটির আজকের এই বৈঠক প্রকৃতপক্ষে ছিল মনোনয়ন বোর্ডেরই বৈঠক। বিএনপির গঠনতন্ত্র অনুসারে মনোনয়ন বোর্ড বলতে দলের স্থায়ী কমিটিকেই বোঝায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে; মনোনয়ন চূড়ান্তভাবে কে পাচ্ছেন, সেই সিদ্ধান্ত অবশ্য পরে জানিয়ে দেওয়া হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক গুলশান কার্যালয়ে শুরু হয়েছিল শুক্রবার সন্ধ্যা ৭টার পর। স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্যের উপস্থিতিতে বৈঠকটি চলে প্রায় দুই ঘণ্টা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রাখা হয়েছে ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আর ভোট নেওয়া হবে ২৯ অক্টোবর।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট আসনটি শূন্য বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় এ ঘোষণা আসে।