সাত বছরের বিরতি শেষে ঢাকায় ফিরল ‘জাপান উৎসব’
ছবিঃ সংগৃহীত
‘জাপান উৎসব’ আবারও অনুষ্ঠিত হলো ঢাকায়, দীর্ঘ সাত বছরের বিরতি শেষে।
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘জাপান উৎসব ২০২৬’-এর আয়োজন করে; এতে সহযোগিতা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাপান দূতাবাস।
আয়োজনটিতে জাপানের পরিবেশন শিল্প, মার্শাল আর্ট, রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল রূপ উপস্থাপন করা হয় বাংলাদেশের দর্শকদের সামনে।
উৎসবের উদ্বোধক ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধন-পর্ব শেষে জাপানি সাংস্কৃতিক পরিবেশনার বিভিন্ন দিক দর্শকেরা উপভোগ করেন, যার একটি অংশ ছিল ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘কারাতে’ ও ‘কেন্ডো’র প্রদর্শনী।
বাংলাদেশি শিল্পীদের সঙ্গে মিলে সংগীত পরিবেশন করে জাপানি সংগীতশিল্পী জুটি ‘বাজনা বিট’; এতে দুই দেশের সংগীত ঐতিহ্যের মধ্যে চমৎকার এক মেলবন্ধন ঘটে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী জাপানি নৃত্যশিল্পী সেনজু এইনোজোর পরিবেশনা দিয়ে।
মঞ্চের পরিবেশনা ছাড়াও জাপানি চা-অনুষ্ঠান ‘সাদো’সহ জাপানি ঐতিহ্যের বিভিন্ন দিক সরাসরি উপভোগ ও চর্চা করার সুযোগ মেলে দর্শকদের।
বনসাই ও ইকেবানার প্রদর্শনীও ছিল উৎসব প্রাঙ্গণে। জাপান দূতাবাসের শেফ যে জাপানি খাবার তৈরি করেন, অতিথিরা তার স্বাদ গ্রহণ করেন।
এ ছাড়া যেসব শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী, তারা সেখানকার পড়াশোনার সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শকদের সঙ্গে আলাপ করার সুযোগ পান।
বাংলাদেশের দর্শনার্থীরা এ উৎসবের মাধ্যমে জাপানি সংস্কৃতির বৈচিত্র্য ও সমৃদ্ধি সরাসরি উপভোগের সুযোগ পান। একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ক্ষেত্রেও উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।