কম শুল্কের আওতায় আসতে পারে যেসব পণ্য, তালিকা দিল হোয়াইট হাউস
ছবিঃ সংগৃহীত
হোয়াইট হাউস রোববার সেসব সম্ভাব্য পণ্যের তালিকা প্রকাশ করেছে, যেগুলোতে কম শুল্ক আরোপ করা হতে পারে। চীনের সঙ্গে একটি সমঝোতার আওতায় পরস্পরের প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যে কম শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র ও চীন। তবে কতটা শুল্ক কমবে কিংবা কবে থেকে তা কার্যকর হবে—এ নিয়ে কোনো নির্দিষ্ট হার বা সময়সূচি জানানো হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে শুক্রবার বৈঠক হয়। বাণিজ্যসহ নানা বিষয় তাঁদের আলোচনায় স্থান পায়।
হোয়াইট হাউসের প্রকাশ করা সমঝোতার শর্তে বলা হয়েছে, এসব পণ্যের তালিকা যুক্তরাষ্ট্র ও চীন পর্যালোচনা করবে; পাশাপাশি পারস্পরিকভাবে কম শুল্কের সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেবে।
চীন থেকে আমদানি হওয়া ৭৭ ধরনের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক কমাতে পারে। আতশবাজি, বড়দিনের সাজসজ্জার সামগ্রী, গৃহস্থালি পণ্য ও ক্রীড়া সরঞ্জাম এসব পণ্যের মধ্যে পড়ে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ১,৬০০টিরও বেশি ধরনের পণ্যে চীন শুল্ক কমাতে পারে। গরু, শূকর ও হাঁস-মুরগির মাংসসহ নানা ধরনের মাংস এবং সামুদ্রিক খাবার আছে এ তালিকায়। শস্য, দুগ্ধজাত পণ্য, হুইস্কি, কয়লা ও কাঠও এতে রয়েছে।
হোয়াইট হাউস শুক্রবার জানায়, সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের পর দুই দেশ কিছু ‘সুপারিশ’ নিয়ে সমঝোতায় পৌঁছেছে; এসব ‘অ-সংবেদনশীল পণ্যে’ আরও সুবিধাজনক শুল্কহার দেওয়ার বিষয়ে ওই সুপারিশ।
এই সমঝোতার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে চীনও।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ২০২৭ ও ২০২৮ সালে অন্তত ১ কোটি মেট্রিক টন কয়লা আমদানিতে চীন সম্মতি দিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় গত বছর এক বৈঠকে একটি বাণিজ্যযুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন সি ও ট্রাম্প। তার আগে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে শুল্কের হার একসময় ১০০ শতাংশেরও বেশি হয়ে যায়।
ওই বাণিজ্য সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মূলত নভেম্বর মাসে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, দুই দেশ ১০ জানুয়ারি পর্যন্ত তা বাড়াতে সম্মত হয়েছে।