
কয়েক বছর পর আবার ভর্তি: সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী নিতে পারবে মাভাবিপ্রবি
ছবিঃ সংগৃহীত
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসের ‘ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’। অনুমোদনটি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ গত ১২ নভেম্বর এক চিঠিতে অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির এ সম্মতি ও পরামর্শ দেয়।
এর ফলে দীর্ঘ কয়েক বছর পর অনুষদটিতে আবার নতুন শিক্ষার্থী ভর্তির পথ খুলল। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রযাত্রায় এটিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের এ অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক খবর। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপ দিতে তাঁরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদনের জন্য তিনি ইউজিসিকে ধন্যবাদ জানান। তাঁর আশা, শিক্ষার্থী ভর্তির ফলে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে।
উপাচার্য আরও বলেন, তাঁদের মূল লক্ষ্য আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনুষদটির ৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য কৃষিগুচ্ছে যুক্ত করার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।
অনুষদের একাডেমিক কাঠামো ও সম্ভাবনা
অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, অনুষদের অধীনে মোট ৯টি বিভাগ বা বিভাগীয় ক্ষেত্র রয়েছে। সেগুলো হলো—১. অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ২. ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, ৩. প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ৪. মাইক্রোবায়োলজি, ৫. মেডিসিন অ্যান্ড সার্জারি, ৬. অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ৭. জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, ৮. ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং ৯. অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস।
অনুষদ থেকে দেওয়া হবে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি, মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। মৌলিক ও ফলিত ভেটেরিনারি বায়োমেডিকেল এবং প্রাণিসম্পদ উৎপাদন-সংক্রান্ত ক্ষেত্রে ভবিষ্যতে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা চালুর পরিকল্পনাও অনুমোদিত কাঠামোয় রাখা হয়েছে। অনুষদটিতে এখন ৫ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী কাজ করছেন।
প্রতিষ্ঠার পটভূমি
প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো গড়ে তোলা হয়। ২০১৯ সালে ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে এর যাত্রা শুরু। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে দুটি শিক্ষাবর্ষে (২০১৯-২০ এবং ২০২০-২১) শিক্ষার্থী ভর্তি করা হয়। পরে শিক্ষক-সংকট, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট সেশনজটের কারণে ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।
দীর্ঘদিনের এ অচলাবস্থা কাটাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম সফলভাবে শুরু হয়। অনুষদে বর্তমানে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী পড়ছেন—প্রথম ব্যাচের ৪৩ জন ৫ম বর্ষের ১ম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারে।
ইউজিসির এ সিদ্ধান্তে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন ও উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলল।
বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
