কালকিনিতে নবজাতকের পরিবার পেল গাছের চারা উপহার
ছবিঃ সংগৃহীত
একটি করে গাছের চারা উপহার পেয়েছে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য আসা নবজাতকদের পরিবার। ‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এই স্লোগান নিয়ে নবজাতকদের পরিবারের হাতে চারা তুলে দেওয়ার এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচি কালকিনি পৌরসভার অর্থায়নে পালিত হয় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে। এতে প্রধান অতিথি ছিলেন কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ; তিনি নবজাতকদের পরিবারগুলোর হাতে চারা তুলে দেন।
কর্মসূচিতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা ও যুবদল নেতা মুবিনের পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, প্রতিটি শিশুর জন্মের সঙ্গে গাছের একটি চারা উপহার দেওয়ার মাধ্যমে পরিবারগুলোকে বৃক্ষরোপণে উৎসাহ জোগানো এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোই এর লক্ষ্য। উদ্যোগটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে নবজাতকের পরিবারগুলোও।