ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী রাধিকা মদন এবার নিজের শারীরিক গড়ন নিয়ে সমালোচিত হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন, দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফের পাশে। মা হওয়ার পর শরীরে আসা পরিবর্তনের জন্য বলিউড অভিনেত্রী ক্যাটরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন। রাধিকাকেও একসময় ওজন বেড়ে যাওয়ার পর শুনতে হয়েছিল, এমন চেহারায় তিনি নায়িকা হবেন কী করে!
একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চরিত্রের চাহিদা মেটাতে কখনো ওজন বাড়াতে, আবার কখনো কমাতে হয়েছে রাধিকাকে। কঠিন এই অভিজ্ঞতার নেতিবাচক প্রভাব পড়েছিল তাঁর স্বাস্থ্যেও।
রাধিকার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর একটি ‘পটাখা’। এ ছবির চরিত্রের জন্য তাঁকে ওজন বাড়াতে হয়েছিল প্রায় ১৫ কেজি। এরপর ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং চলাকালে সেই বাড়তি ওজন ঝরানোর চেষ্টা শুরু করেন অভিনেত্রী।
তবে কাজের চাপের মাঝে ওজন কমানোর তাগিদ সামলাতে গিয়ে নানা জটিলতায় পড়তে হয় তাঁকে। সে সময় তাঁর শারীরিক গঠন নিয়েও খোঁচা দেওয়া হয়েছিল। রাধিকা বলেন, তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন চেহারা নিয়ে তিনি নায়িকা হবেন কীভাবে।
অভিনেত্রীর ভাষ্য, ওজন কমানোর লাগাতার চেষ্টায় একপর্যায়ে তিনি ভীষণ রোগা হয়ে যান। পরপর সিনেমার শুটিং আর শরীরের পরিবর্তনের চাপ—দুটো একসঙ্গে সামলানো তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ক্রমে তাঁর স্বাস্থ্যের ওপরও এর ছাপ পড়তে থাকে। শেষমেশ পরিস্থিতি সামলাতে কাজে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সম্প্রতি ক্যাটরিনাকে ঘিরে যে সমালোচনা হয়েছে, তার প্রেক্ষাপটে রাধিকার এই অভিজ্ঞতা বিনোদন অঙ্গনের অভিনেত্রীদের শরীর নিয়ে সমাজের কড়া প্রত্যাশার প্রশ্নটিকে নতুন করে আলোচনায় এনেছে। অনেক অভিনেত্রীরই অভিজ্ঞতা এমন—ওজন বাড়লে কটাক্ষ শুনতে হয়, আবার কমে গেলেও সমালোচনার হাত থেকে নিস্তার মেলে না।