
গুদাম ভরেছে বিদেশি পুরোনো কাপড়ে, চট্টগ্রামে শীতবস্ত্রের বেচাকেনা হাজার কোটি টাকা ছাড়ানোর আশা
ছবিঃ সংগৃহীত
ঋতু বদলের সঙ্গে শীত এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। বন্দরনগরীতে সন্ধ্যা নামলেই তাপমাত্রা পাল্টে যাচ্ছে, আর তাতেই চাঙা হয়ে উঠেছে শীতের কাপড়ের বাজার।
শীতকে সামনে রেখে চট্টগ্রামে পুরোনো কাপড় আমদানির গুদামগুলো এর মধ্যেই ভরে গেছে। খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট আর মহল মার্কেটের পুরোনো কাপড়ের পাইকারি মোকামগুলো এখন সরগরম।
ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব বলছে, এবার পাইকারি ও খুচরা মিলিয়ে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বেচাকেনা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
পাইকারি মোকামগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। শীতের বাজার ধরতে দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা এখান থেকে বেলে বেলে পুরোনো কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। খুচরা দোকান আর ফুটপাতেও ক্রেতার ভিড় বেড়েছে।
চট্টগ্রাম বন্দর হয়ে আসা বিপুল চালানের প্রধান বেচাকেনার জায়গা খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাট, জহুর হকার্স মার্কেট, মহল মার্কেট এবং টেরিবাজার এলাকা।
এই পাইকারদের কাছ থেকে প্রতিদিন শত শত বেল কাপড় যায় ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররমে, যায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো উত্তরের তীব্র শীতের এলাকাতেও। শীত যত ঘনাচ্ছে, সারা দেশের পাইকারদের আনাগোনায় চট্টগ্রামের মোকামগুলো ততই জমে উঠছে।
পাইকারি ব্যবসায়ীরা জানালেন, ঋণপত্রের (এলসি) বিপরীতে চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে জাহাজভর্তি কাপড় বন্দরে আসছে। বন্দর থেকে সরাসরি খালাস করে বেলগুলো রাখা হচ্ছে বিভিন্ন গুদামে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ায় এবার আমদানিপণ্যের দামে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ পড়েছে।
ব্যবসায়ীদের ব্যাখ্যা, আন্তর্জাতিক বাজারে পুরোনো কাপড়ের দাম বাড়ার পেছনে আছে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। ভূরাজনৈতিক অস্থিরতায় সমুদ্রপথে জাহাজভাড়া আর কনটেইনারের ফ্রেইট চার্জ বেড়েছে। ফলে ওজনে ভারী, আকারে বিশাল এই পণ্য আনতে সরাসরি বাড়তি খরচ গুনতে হচ্ছে।
আবার উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি আর অনলাইন রিসেল প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সেখানকার দেশি বাজারেই সেকেন্ড-হ্যান্ড বা পুরোনো পোশাকের ব্যবহার বেড়েছে। এতে রপ্তানির জন্য ভালোমানের বা ‘ক্রিম গ্রেড’ কাপড়ের জোগান কমে দাম চড়েছে। সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পূর্ব ইউরোপের প্রধান সর্টিং হাবগুলোতে শ্রম, প্যাকিং ও পরিচালনার খরচ বাড়ায় প্রক্রিয়াজাত করার ব্যয়ও বেড়েছে।
তাই বাজারে চীনের বড় জোগান থাকলেও এশিয়া ও আফ্রিকার বিপুল আমদানির চাপে চাহিদা আছে এমন ভালো কাপড়ের দাম আন্তর্জাতিক পর্যায়ে বেড়ে গেছে।
জহুর হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. ইউনুছের কথায়, নভেম্বরের শেষ দিকে শীত জেঁকে বসবে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু। যা ব্যবসা হওয়ার, এই দুই মাসেই হবে।
দূরদূরান্তের ক্রেতারা এর মধ্যেই শীতের কাপড় কেনা শুরু করেছেন। বিদেশি সেকেন্ড-হ্যান্ড কম্বলের প্রতি বেল বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায়; এক বেলে কম্বল থাকে ২৮ থেকে ৩০টি। নতুন কম্বলের প্রতি পিসের দাম ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। মান আর মাপভেদে দাম ওঠানামা করে।
জ্যাকেটের প্রতি বেলের দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। কম দামি জ্যাকেটের বেলে থাকে ১৫০ থেকে ২০০ পিস, আর ৩০ হাজার টাকার বেলে ৮০ থেকে ১০০টি। এসব বেলে অ্যাডিডাস বা পুমার মতো নামী ব্র্যান্ডের নতুনের মতো জ্যাকেটও সহজেই মিলে যায়।
ইউনুছ জানান, সোয়েটারের বেল শুরু ৭ হাজার টাকা থেকে; একেকটি বেলে থাকে ২০০টি সোয়েটার। এক বেলে কাপড়ের ওজন ৮০ থেকে ১০০ কেজি।
আমদানিকারক জসিম উদ্দিন জানান, পুরুষদের চীনা সোয়েটারের বেল ৭ হাজার টাকায় আর ফুলহাতা মিক্সড গেঞ্জির বেল সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের মেয়েদের সোয়েটারের বেল ৮ হাজার টাকা, আর ১০০ কেজির মেয়েদের জিনস ও গ্যাবার্ডিন প্যান্টের বেল ১০ হাজার টাকা।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সারা বছর ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায় থাকেন। তবে শীত এলে সেখানকার আমীর মার্কেটের ৫০ থেকে ৬০টি দোকানের ব্যবসায়ী পুরোনো শীতের কাপড় আমদানি করেন।
খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. মহিউদ্দিন জানান, আমদানি করা এই কাপড়ের মূল ক্রেতা দেশের নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত আর শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষের কাছে কম দামে শীত ঠেকানোর বড় ভরসা এটি। তবে বেলে আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পোশাক পাওয়া যায় বলে শহরের তরুণ ও মধ্যবিত্তরাও এখন এসব কাপড়ের বড় ক্রেতা।
চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছে জহুর হকার্স মার্কেট খুব চেনা নাম। গরম কাপড়ের পাইকারি ও খুচরা বাজার হিসেবে মার্কেটটির ঐতিহ্য আছে।
হকার্স মার্কেটের বিনিময় স্টোরের মালিক টিপু সুলতান বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করেছি।’
তাঁর দেওয়া হিসাবে, হকার্স মার্কেটে মানভেদে মেয়েদের সোয়েটার ও জ্যাকেট ২০০ থেকে ৮০০ টাকা, ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৩০০০ টাকা, শিশুদের সোয়েটার ৫০ থেকে ৬০০ টাকা, মাফলার ৪০ থেকে ২০০ টাকা আর গরম টুপি ৫০ থেকে ২৫০ টাকায় মিলছে।
ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, ‘জহুর হকার্সের তিনটি মার্কেটে ৮০০ এর বেশি দোকান আছে। এর মধ্যে বড় দোকানের সংখ্যা ২০০, মাঝারি ৩৫০ এবং এর বাইরের দোকানগুলো ছোট।’
তিনি আরও বলেন, ‘এই শীতে প্রতিদিন ছোট দোকানে ১০ থেকে ১২ হাজার, মাঝারিতে ২০ থেকে ২৫ হাজার ও বড় দোকানে ৫০ থেকে ৬০ হাজার টাকার ব্যবসা চলবে। সব মিলিয়ে এই মার্কেটে আগামী তিনমাসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসার আশা করছি।’
নগরীর রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনের ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, ‘আমাদের তামাকুমন্ডি লেইনে ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ দোকান শীতের কাপড়ের ব্যবসা করছে। বিশাল এই আয়োজনে কত টাকার ব্যবসা হচ্ছে তা বলা মুশকিল, তবে প্রতিদিন ১ কোটি টাকার বেশি বিকিকিনি হয় বলে আমাদের ধারণা।’
একই লেনের পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ভাষ্য, ‘১১০টি মার্কেটের প্রায় ৫০ শতাংশ দোকান এই শীতে ব্যবসা করছে। সে হিসেবে, প্রায় সাড়ে ৭ হাজার পাইকারি ও খুচরা দোকান যদি দৈনিক ১০ হাজার টাকার ব্যবসাও করে, তিন মাসে এ পরিমাণ দাঁড়ায় ৪৫০ কোটি টাকা। আমাদের ধারণা দেশে কাপড়ের অন্যতম প্রধান পাইকারি এই বাজারে আগামী তিনমাসে অন্তত ৭০০ কোটি টাকার বিকিকিনি হবে।’
পাইকারি বাজার থেকে কেনা কাপড় নিয়ে প্রতিদিন সন্ধ্যায় নগরীর ফুটপাতে দোকান বসছে।
নিউমার্কেট, কেসিদে রোড, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, বন্দরটিলা, দুই নম্বর গেট, বহদ্দারহাট, আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী এলাকার ফুটপাতে আমদানি করা পুরোনো শীতের পোশাকের বেচাকেনা বিশেষভাবে জমজমাট।
টেরিবাজার চট্টগ্রামের পুরোনো ঐতিহ্যের কাপড়ের বাজার। এখানে ৮২টি মার্কেটে দোকান আছে প্রায় তিন হাজার। টেরিবাজারের ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘এখানে গরম কাপড়ের মধ্যে শিশুদের কাপড়ই বেশি পাওয়া যায়।’
সূত্র
মূল প্রতিবেদন: বাসস — https://www.bssnews.net/bangla/special-report/359473
