পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
ছবিঃ সংগৃহীত
ফেনী প্রেসক্লাবের সামনে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ জানাতে ফেনীতে তাদের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান শামীম।
সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এতে আরও বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর ও জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম।
মাহাবুবুর রহমান শামীম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের চাওয়া হলো শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া। এখন আরেকটি সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত, আর সেটি হলো গুপ্ত সংগঠন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এখন নানা ষড়যন্ত্র চালাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি গুপ্তরা।
তিনি বলেন, বর্তমান সরকার কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে।
আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীদের প্রতি এখন থেকেই কাজে নেমে পড়ার আহ্বান জানান তিনি।
বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনাবিরোধী আন্দোলন ও সংগ্রামে সক্রিয় থাকা ব্যক্তিদের দল মূল্যায়ন করবে বলেও উল্লেখ করেন মাহাবুবুর রহমান শামীম।