প্রিজনভ্যান থেকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশসহ তিনজন ৪ দিনের রিমান্ডে
ছবিঃ সংগৃহীত
দুই পুলিশ সদস্যসহ তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তা করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।
গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রিমান্ডের এ আদেশ দেন।
যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন স্কটপার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরীর কাছ থেকে এ তথ্যের নিশ্চয়তা পাওয়া গেছে।
তার আগে সোমবার (৫ অক্টোবর) গ্রেফতার আসামিদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান; আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠান তিনি।
ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য গত ২৭ সেপ্টেম্বর সকালে ৩০ আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আদালতের কাজ শেষে রাতে তাঁদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে প্রিজনভ্যান থেকে পালান পিচ্চি রাজা। ঘটনার পর দায়ের হওয়া মামলার ভাষ্য অনুযায়ী, প্রিজনভ্যানটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় এলে টয়লেট করানোর জন্য পিচ্চি রাজাকে গাড়ি থেকে নামান সঙ্গে থাকা এসআই প্রদীপ কুমার। সেই সুযোগে দৌড়ে পালিয়ে যান পিচ্চি রাজা। বাকি ২৯ আসামিকে পরে কারাগারে পাঠানো হয়।
ওই ঘটনার পর সাময়িক বরখাস্ত হন প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন; তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়িত্বে অবহেলার। পাশাপাশি ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠিত হয়।