বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৭
ছবিঃ সংগৃহীত
একটি মাইক্রোবাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে জেলার শাজাহানপুরে; এতে প্রাণ গেছে দুজনের। মাইক্রোবাসটিতে থাকা আরও ৭ জন এ ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে।
নিহত দুজনের একজন মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫); তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে। অন্যজন একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
বাসসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।
পুলিশ জানায়, বিদেশফেরত এক ব্যক্তিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন তাঁর ৭ জন স্বজন। নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় আজ ভোর ৪টার দিকে পৌঁছানোর পর মাইক্রোবাসটি ভুলবশত মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। তখন বিপরীত দিক থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক এলে সেটির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম। আহত ৭ জনকে উদ্ধারের পর ভর্তি করা হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আইয়ুব আলী।