ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা কঠিন এক সময় পার করছেন; দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর তাঁর অস্ত্রোপচার হয়েছে। শারীরিক এই সংকটেও অবশ্য তিনি আশা হারাচ্ছেন না। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রথম পোস্টে অনুরাগীদের তিনি জানিয়েছেন, তাঁর জীবনের গল্প এখনো শেষ হয়নি।
নুসরাত দুর্ঘটনার শিকার হন ইন্দোনেশিয়ার বালিতে, সেখানে তিনি গিয়েছিলেন কাজের সূত্রে। দুর্ঘটনায় চিড় ধরে তাঁর মেরুদণ্ডে। উন্নত চিকিৎসার জন্য বালি থেকে তাঁকে বিমানযোগে মুম্বাইয়ে আনা হয় এবং পরে অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।
শনিবার (১১ অক্টোবর) নুসরাত একটি ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে জানালার সামনে রাখা একটি হেলান দেওয়া হুইলচেয়ার দেখা যায়, আর জানালার ওপারে দিগন্তজুড়ে সূর্যাস্তের দৃশ্য।
ছবির সঙ্গে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সারা জীবন সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎ করেই বদলে গেল আমার দেখার দৃষ্টিভঙ্গি।’ তারপরই তিনি যোগ করেন, ‘বন্ধু, এখনও অনেক কিছু বাকি!’
কঠিন পরিস্থিতির মধ্যেও নুসরাতের ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে এই বার্তায়। তাঁর কথায় জীবনের অনিশ্চয়তা ও আকস্মিক পরিবর্তনের প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি যেন ফুটে উঠেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও।