ছবিঃ সংগৃহীত
ভারতীয় প্রতিবেদক:
বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সোমবার সংঘর্ষ হয়েছে ভারতের মধ্যপ্রদেশে; সেখানে শাহি মসজিদের একটি অংশ সরিয়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদটি ৬০০ বছরের পুরোনো।
ঐতিহাসিক মসজিদটির একটি অংশ ভাঙার কাজে হাত দেওয়া হয় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে, আর তখনই পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়।
রাজ্যটির উজ্জয়নে ২০২৮ সালে সিংহস্থ কুম্ভমেলা অনুষ্ঠিত হওয়ার কথা; তারই প্রস্তুতির অংশ হিসেবে সড়কটি প্রশস্ত করা হচ্ছে। প্রায় ৯০০ মিটার দীর্ঘ এ রাস্তা কাথাল চৌরাহা থেকে গোপাল মন্দির পর্যন্ত বিস্তৃত; এটিকে ১৫ মিটার চওড়া করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শাহি মসজিদের একটি নির্দিষ্ট অংশ নকশা অনুযায়ী এ সড়কের আওতায় পড়ে। সেই অংশ সরানোর কাজে উজ্জয়ন মিউনিসিপ্যাল করপোরেশন হাত দিলে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন।
এর আগে রোববার রাতেও মসজিদ চত্বরে জমায়েত হন শত শত স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের মানুষ; সড়ক প্রশস্তকরণের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেন তারা। প্রশাসন ও মসজিদ কমিটির মধ্যে সারা রাত আলোচনা চলে, তবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। মসজিদের প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমঝোতার কথা শোনা গিয়েছিল; তবু সোমবার সকালে অপসারণের কাজ শুরু হলে এলাকাবাসীর বিরোধিতার মুখে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।