মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের তিন গাড়িতে আগুন
ছবিঃ সংগৃহীত
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনের ফুটপাতে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। ফুটপাত উচ্ছেদ অভিযানকে ঘিরে এসব ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনার জের ধরে পরে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা আগুন দেন সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে। তখন ভাঙচুর করা হয় একটি ভেকু ও পুলিশের গাড়িও।
থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে বাড়তি পুলিশ। মিরপুরে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন।