ছবিঃ সংগৃহীত
লিওনেল মেসিকে ছাড়াই বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের প্রথম মাঠে নামা। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়েই—মেসিকে ছাড়া আক্রমণভাগ সাজানো হবে কীভাবে।
তিনটি প্রীতি ম্যাচ অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য এই ফিফা উইন্ডোতে। বলিভিয়া প্রথম ম্যাচের প্রতিপক্ষ; পরে ৩ অক্টোবর বুরকিনা ফাসোর এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে দলটি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে মেসির বিদায়ী ম্যাচ।
স্কালোনি পরিকল্পনা শুরু করে দিলেও বলিভিয়া ম্যাচের একাদশ আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেননি। তবে মেসিকে ছাড়া একাদশ কেমন দাঁড়াতে পারে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া গেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের কাছ থেকে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সামনে রক্ষণ সামলাতে পারেন আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে থাকতে পারেন এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণভাগে খেলতে পারেন ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
স্কালোনির পরিকল্পনা, মেসি নেই বলে আক্রমণে একসঙ্গে খেলাবেন লাউতারো ও আলভারেজকে। দলে মেসি থাকলে শুরুর একাদশে এই জুটির একসঙ্গে নিয়মিত সুযোগ হতো না। আর্জেন্টিনা কোচ এবার সেই সমন্বয় যাচাই করে দেখার সুযোগ পাচ্ছেন।
সোমবার বিকেলে বলিভিয়া ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা। খেলোয়াড়রা অনুশীলন শুরু করেন এজেইজা কমপ্লেক্সে, যার নামকরণ হয়েছে লিওনেল মেসির নামে। অনুশীলন শুরুর আগে মাঠে স্কালোনি কথা বলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
অনুশীলনের শুরুতে খেলোয়াড়দের ভাগ করা হয় দুটি দলে। তুলনামূলক হালকা অনুশীলন করেন মূল দলের কয়েকজন—এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস ছিলেন এই দলে।
এ পর্বটি হয়েছে সেই রীতির আদলে, যে রীতিতে মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়রা নিয়মিত হালকা ফুটবল খেলে থাকেন। চোট কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠা বা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের জিমেই থাকতে হয়েছে। স্টেশনারি বাইকে সময় কাটান নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা।
সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেসও; দুজনই সপ্তাহান্তে ক্লাব ফুটবলে ম্যাচ খেলেছেন। পালাসিওস এর আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছিলেন, তবে আন্তর্জাতিক সুপার কাপে এস্তুদিয়ান্তেসের হয়ে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর ফ্লোরেস খেলেছিলেন বোকা জুনিয়র্সের হয়ে, রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে।
স্কালোনি সংবাদ সম্মেলনে কথা বলবেন বলিভিয়া ম্যাচের আগে, আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে।