ছবিঃ সংগৃহীত
স্মার্টফোনকেন্দ্রিক মাইক্রোড্রামা হিসেবে নতুন আঙ্গিকে ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘নেবার্স’। ধারাবাহিকটির যেসব পর্ব ও গল্পে মার্গট রবি অভিনয় করেছেন, সেগুলো কেটে ছোট ছোট উল্লম্ব ভিডিও বানিয়ে প্রকাশ করা হবে।
এই উদ্দেশ্যে উল্লম্ব ভিডিও প্ল্যাটফর্ম রোজবেরি মিডিয়ার সঙ্গে অংশীদারত্বে গেছে ‘নেবার্স’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল। তাদের ‘এপিস’ প্ল্যাটফর্মে প্রকাশের লক্ষ্যে প্রথম দফায় বাছাই করা হয়েছে দুটি গল্প, যেগুলোর কেন্দ্রে রয়েছে মার্গট রবি অভিনীত চরিত্র ডোনা ফ্রিডম্যান। গল্প দুটি সম্পাদনার পর সব মিলিয়ে প্রায় ১৫০ মিনিটের উল্লম্ব ভিডিও কনটেন্ট দাঁড়াবে।
‘নেবার্স’-এ মার্গট রবি ডোনা ফ্রিডম্যান চরিত্রটিতে অভিনয় করেছেন ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত। এরপর ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘আই, টোনিয়া’ ও ‘বার্বি’র মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক তারকায় পরিণত হন তিনি।
প্রকল্পটিতে কাজে লাগানো হবে রেডস্ন্যাপার নামে রোজবেরির এআই-সহায়ক প্রযুক্তি। ‘নেবার্স’-এর বিশাল আর্কাইভ বিশ্লেষণের মাধ্যমে চরিত্র, গল্পের ধারা ও গুরুত্বপূর্ণ দৃশ্য চিহ্নিত করার কাজে সহায়তা দেবে এটি। পরে সেসব অংশ সম্পাদনা করে মোবাইল ফোনের উল্লম্ব পর্দার উপযোগী করা হবে।
‘নেবার্স’-এর যাত্রা শুরু ১৯৮৫ সালে; ২০২৫ সালে শেষ হওয়ার আগে পর্যন্ত এর প্রায় ৯ হাজার ৩৬৩টি পর্ব প্রচারিত হয়েছে। শুধু মার্গট রবি নন, কাইলি মিনোগ, গাই পিয়ার্স, জেসন ডোনোভান ও জেসি স্পেন্সারের মতো তারকাদের ক্যারিয়ারের গোড়ার দিকেও ধারাবাহিকটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল।
এ উদ্যোগের মাধ্যমে নতুন দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে; সে জন্য প্রচলিত টেলিভিশন সিরিজের গোটা পর্ব পুনরায় না দেখিয়ে পুরোনো গল্পকে কয়েক মিনিটের উল্লম্ব পর্বে ভাগ করা হচ্ছে। রোজবেরি দাবি করছে, আরও পুরোনো টেলিভিশন ও চলচ্চিত্রের কনটেন্টকে আগামী দিনে একইভাবে মোবাইলকেন্দ্রিক ফরম্যাটে রূপান্তরের সুযোগ আছে।
ফ্রিম্যান্টলের বাণিজ্যিক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান জেনস রিখটার বলেছেন, ‘নেবার্স’-এর বিশাল আর্কাইভ নতুন দর্শকের হাতে তুলে দেওয়াই শুধু নয়, পুরোনো কনটেন্টে নতুন কী বাণিজ্যিক সম্ভাবনা আছে, সেটিও এ অংশীদারত্বের মধ্য দিয়ে যাচাই করা হচ্ছে।