রাষ্ট্র পরিচালনা বিএনপির কাছে ক্ষমতা নয়, দায়িত্ব: নজরুল ইসলাম খান
ছবিঃ সংগৃহীত
জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার ভার পেলেও বিএনপি বিষয়টিকে ক্ষমতা হিসেবে নয়, বরং দায়িত্ব হিসেবেই দেখে—এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২৬ সেপ্টেম্বর) মহিলা দলের উদ্যোগে হওয়া এক প্রতিবাদ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের বিভিন্ন দুঃসময়ে বিএনপিকে সব সময়ই তাদের পাশে পাওয়া গেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে দলটির ভূমিকা ছিল কার্যকর। বিএনপি জনগণের পক্ষে থেকেছে বলেই দেশের মানুষ দলটিকে বারবার সমর্থন ও সম্মান দিয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ওপর জনগণ আবারও আস্থা রেখেছে এবং দলটিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে জনগণের সমর্থনেই। তার কথায়, ‘এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি একে ক্ষমতা মনে করে না, দায়িত্ব মনে করে।’
তিনি বলেন, যতবার দেশের অর্থনীতি বিপন্ন হয়েছে, ততবারই জনগণের কল্যাণে সেটিকে পুনরুদ্ধার ও উন্নত করার দায়িত্ব পালন করেছে বিএনপিই। দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বর্তমান সরকারও চেষ্টা চালাচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের কল্যাণই হওয়া উচিত দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য। রাজনৈতিক দল, সরকার বা বিরোধী দল—যে-ই হোক, জনগণের উন্নয়ন ও কল্যাণ না ঘটলে তাদের কারও কর্মকাণ্ডেরই কোনো মানে থাকে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র সুসংহত করা, অর্থনীতির উন্নতি ঘটানো, জনগণের চাহিদা মেটানো ও তাদের কষ্ট কমানো সহজ কাজ নয়; এ জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের প্রতি তিনি আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে দায়িত্ব রয়েছে তাদেরও। দেশের স্বার্থবিরোধী কাজ, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সন্ত্রাস ও অপরাধে যারা জড়াবে, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, গড়তে হবে গণতান্ত্রিক প্রতিরোধ।
নজরুল ইসলাম খানের আহ্বান, সন্ত্রাস, অপরাধ ও দুষ্কৃতির বিরুদ্ধে ভবিষ্যতেও আন্দোলনের মাঠে থাকতে হবে।
সমাবেশে হাজির ছিলেন মহিলা দলের নানা স্তরের নেতারা।