লিড ধরে রাখতে পারল না বাংলাদেশ, চাইনিজ তাইপের কাছে হার
ছবিঃ সংগৃহীত
চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী হকি দল; আজ এশিয়ান গেমসে এটি ছিল তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ম্যাচে একসময় এগিয়ে থাকলেও জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়া হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে রবিবার পুল ‘এ’-র এই ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ম্যাচের ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিং গোল করে চাইনিজ তাইপেকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টার শেষে বাংলাদেশ পিছিয়ে ছিল ১-০ গোলে।
দ্বিতীয় কোয়ার্টারে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কনা আক্তার ১৯তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। পরে ২৪তম মিনিটে কনাই বাংলাদেশকে লিড এনে দেন, যা ছিল তার নিজের ও দলের দ্বিতীয় গোল। তৃতীয় কোয়ার্টারের ৪৫তম মিনিটে চাইনিজ তাইপেকে সমতায় ফেরায় ওয়াং ইউ-চিউয়ের গোল। আর চতুর্থ কোয়ার্টারে হুয়াং ইউ-টিং নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন। ৩-২ গোলের হার নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এশিয়ান গেমসের নারী হকিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেই প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারে দলটি, এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে হারে ৩-১ গোলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে হারের ব্যবধান ছিল ৮-০ গোল। আর চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ পায় প্রথম পয়েন্ট।
গ্রুপপর্বে বাংলাদেশ সব মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলে হেরেছে চারটিতেই। এই পাঁচ ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান টেবিলের ৫ নম্বরে। সমান ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চীন।