সিরাজদিখানে মিষ্টির দোকানকে ৫ হাজার, ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানকালে প্রমাণ মেলে, জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে তৈরি মিষ্টি খোলা অবস্থায় রাখা হয়েছে এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক জগন্নাথ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় জাকির ফল ভান্ডারের মালিক জাকির হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানের দৃশ্যমান জায়গায় মূল্যতালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সিরাজদিখান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।