সেনা পাহারায় রূপপুরের পথে রওনা দিল ইউরেনিয়ামের চালান
ছবিঃ সংগৃহীত
ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে যাত্রা করেছে; বহরটিকে কঠোর নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। প্রথম ইউনিটের জন্য আনা এ জ্বালানি রূপপুরে নিয়ে যাওয়া হচ্ছে তিনটি লরিতে।
গাড়িবহরটির যাত্রা শুরু হয় শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সঙ্গে আছেন পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
প্রথম ইউনিটের জ্বালানি নিয়ে আসা বিমানটি এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর চালানটি গ্রহণ করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে করে দেশে পৌঁছাবে। চালানটির দেশে আসার কথা রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে।
ইউরেনিয়াম আসার কথা ছিল এর আগে ২৪ সেপ্টেম্বর; কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে জটিলতা থাকায় শেষ পর্যন্ত তা আসতে পারেনি। তারও আগে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল ২০২৩ সালে, যা পারমাণবিক চুল্লিতে বসানো হয় চলতি বছরের মে মাসে।