
‘স্ট্রোকে মৃত্যু’ প্রচারের অভিযোগ, ব্যবসায়ী ছিদ্দিক হত্যার মামলা এজাহার হিসেবে নিতে থানাকে আদালতের নির্দেশ
ছবিঃ সংগৃহীত
কাঠ ব্যবসার বিরোধের জেরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. ছিদ্দিক মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন নিহত ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়া। আসামি তিনজন—মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) ও মো. ফারুক (৪০)। তাঁদের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
এজাহার ও স্থানীয় সূত্রের তথ্যমতে, এক নম্বর আসামি মাহফুজ মিয়ার সঙ্গে ছিদ্দিক মিয়ার কাঠ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়েছে, এর জেরে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির পাশে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পাশের বিলের একটি ডোবায় ফেলে রাখেন আসামিরা।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর আসামিরা মৃত্যুটিকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু বলে প্রচারের চেষ্টা করেন, দ্রুত দাফন সেরে ফেলারও চেষ্টা চালান। কিন্তু পরে গোসল করানোর সময় স্বজনেরা ছিদ্দিক মিয়ার গলায় ও পেছনের দিকে নখের আঁচড় ও আঘাতের চিহ্ন দেখতে পান। সন্দেহ হওয়ায় হত্যার অভিযোগ নিয়ে তাঁরা আদালতে যান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, নিহতের ছেলে বাহার মিয়া আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রুজু করতে থানাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন; তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
