হাজারীবাগে ডিস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত
পশ্চিম ধানমন্ডির জাফরাবাদ এলাকার একটি ১০ তলা ভবনের সামনে গ্যারেজের ওপর টিনের ছাউনি থেকে মো. সালেক খান বাবু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর হাজারীবাগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি উদ্ধার করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। আজ শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষ করে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
সালেক খানের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকার কথা বলা হয়েছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, বৃহস্পতিবার বিকেলে ওই ভবনের গেটের সামনে তাঁর সঙ্গে কেয়ারটেকার বাঁধন দেওয়ের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পুলিশ জানিয়েছে, পরে সালেক ফোনে কয়েকজনকে সেখানে ডেকে আনেন এবং তাঁরা লোহার অ্যাঙ্গেল দিয়ে দারোয়ানকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। দারোয়ানের চিৎকার শুনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সালেকের সঙ্গে আসা লোকজন।
পরে সেখানে আসেন আরেক দারোয়ান মিল্টন; তিনি আরও তিনজনকে নিয়ে ভবনটির ছাদে যান এবং কিছুক্ষণ পর তাঁরা নেমে আসেন। এরপর ভবনের গ্যারেজের ওপর টিনের ছাউনি থেকে উদ্ধার হয় সালেক খান বাবুর মরদেহ।
ডিসের ব্যবসা করতেন নিহত সালেক খান বাবু। তিনি ইদ্রিস খানের ছেলে।
নিহতের বোন মোফাইয়া খান ইভার অভিযোগ, তাঁর ভাইকে মারধর করে ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে; তাঁকে হত্যা করা হয়েছে।
হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।