হাটহাজারীতে ১২০০ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিলেন মীর হেলাল
ছবিঃ সংগৃহীত
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন, মুখে যা বলেন, কাজে তা বাস্তবায়ন করে দেখান প্রধানমন্ত্রী তারেক রহমান; আর সেটিই তারেক রহমান সরকারের আসল পরিচয় এবং প্রধান শক্তি।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ২০০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী কৃষকের ভাগ্যোন্নয়ন এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমান সরকারের দূরদর্শী ও কৃষকবান্ধব মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি হাটহাজারীর সর্বস্তরের মানুষের হয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি কনফারেন্সে চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছ থেকে জানতে চান।
হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।