হাবিপ্রবিতে আন্তহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ছবিঃ সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের আন্তহল ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।
অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার বিকেল ৫টায়, শহীদ আবরার ফাহাদ হল খেলার মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, আর বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান।
ভাইস চ্যান্সেলর প্রধান অতিথির বক্তব্যে বলেন, এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের পাশাপাশি শারীরিক-মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা কেবল শরীরচর্চারই মাধ্যম নয়; এর মধ্য দিয়ে গড়ে ওঠে দলগত চেতনা, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও শৃঙ্খলা। জয়-পরাজয় প্রতিযোগিতায় থাকবেই; তবে তিনি প্রত্যাশা করেন, প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সঙ্গে সবাই সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও খেলোয়াড়সুলভ মনোভাব ধরে রাখবে। তিনি এ মন্তব্যও করেন যে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও বেশি যুক্ত হলে ক্যারিয়ার ডেভেলপমেন্টে তা কাজে লাগবে। অংশ নেওয়া সব দল ও খেলোয়াড়কে শুভেচ্ছা জানান তিনি এবং আশা প্রকাশ করেন, প্রতিযোগিতাটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে; এর মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে শিক্ষার্থীদের মধ্যকার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন।
সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু। অন্যদের মধ্যে ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, সহকারী হল সুপার প্রফেসর ড. মো. ফখরুজ্জামানসহ অন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্ণব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্য সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আন্তহল এই ফুটবল খেলায় অংশ নেয় ৮টি দল।