ছবিঃ সংগৃহীত
মাত্র ২ রানের ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে গেছে র্যাংকিংয়ের ৪১তম দল জাপান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম দেখা, যেখানে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ হাসি হাসা হয়নি জাপান ক্রিকেট দলের।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্যাপনকে উপলক্ষ করে ম্যাচটি আয়োজিত হয়।
বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৫ ওভার করা হয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ভারত ৩ উইকেট খুইয়ে বসে ১৪ রানের মধ্যেই। টপ অর্ডারের সঞ্জু স্যামসন ৯ রানে, অভিষেক শর্মা গোল্ডেন ডাক মেরে এবং ইশান কিশান ৩ রানে আউট হন।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মার চতুর্থ উইকেট জুটিতে ১৩ বলে আসে ১৮ রান। তাতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রান। আইয়ার ১২ বলে ১৬ রান করেন, যাতে ছিল ১টি চার।
স্পিনসহায়ক উইকেট পেয়ে জাপান ৫ ওভারের পুরোটাই করিয়েছে স্পিনারদের দিয়ে। তাদের তিন স্পিনারের মধ্যে ২টি উইকেট নেন চার্লি হারা-হিনজে, আর ১টি করে পান ইব্রাহিম তাকাহাশি ও বেঞ্জামিন ইতো-ডেভিস।
৩৩ রানের লক্ষ্য তাড়ায় জাপান উইকেট হারায় প্রথম ওভারের পঞ্চম বলেই। ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ১ রান করে ফিরে যান সাজঘরে।
উইকেট পড়ে পরের ওভারেও। ৪ রানে থেমে যান তিন নম্বরে ব্যাট করতে আসা তাকাহাশি। ৭ রানে ২ উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে জাপান।
অধিনায়ক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও বেঞ্জামিন ইতো-ডেভিস তৃতীয় উইকেটে ১৪ বলে ১৮ রানের জুটি গড়লে লড়াইয়ে টিকে থাকে দল। জাপানের প্রয়োজন দাঁড়ায় শেষ ওভারে ৮ রান।
তবে শেষ ওভারে ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের বল থেকে জাপান ৫ রানের বেশি তুলতে পারেনি। তাদের ইনিংস থামে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রানে। কাদোওয়াকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করেন ১টি চারের সাহায্যে, যা দলের পক্ষে সর্বোচ্চ।
অপরাজিত থাকেন ইতো-ডেভিস ৯ ও শিরাই-প্যাটমোর ২ রানে। ১৩ রানে ২ উইকেট নেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ভারতের আইয়ার।