ছবিঃ সংগৃহীত
এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি সাব্বির রহমানের। অথচ সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ৩৪ বছর বয়সেও জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা এই ব্যাটার। জনপ্রিয়তার বিচারে দেশের ক্রিকেটে তাঁর পরিচিতি অন্য রকম।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবার কথা বলেছেন সাব্বিরের ফেরার সম্ভাবনা প্রসঙ্গে। সাব্বির যে এখনো জাতীয় দলের ভাবনায় রয়েছেন, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। অবশ্য দলের পরিকল্পনা হলো, ওই একই পজিশনে খেলা ক্রিকেটারদের মধ্যে আপাতত বেশি সুযোগ দেওয়া হবে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে।
লিটনের ভাষায়, ‘নির্বাচক, কোচ, আমি—সবার ভাবনাতেই সে আছে। যারা নিচের দিকে ব্যাট করে, তাদের জায়গা উন্মুক্ত। যে ভালো করবে, তারই সুযোগ আসবে। অনেক দিন পর রাব্বি দলে এসেছে, জিম্বাবুয়েতে ভালো করেছে। স্বাভাবিকভাবেই তার সুযোগ বেশি।’
তিনি আরও বলেন, ‘৫-৬ নম্বরে ব্যাট করার মতো তিন-চারজন খেলোয়াড় আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দেব। যে ভালো করবে, যাকে উপযুক্ত মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা থাকবে।’
অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চোটে পড়ে এশিয়ান গেমস থেকে ছিটকে পড়েছেন। লিটন জানান, তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি।
অধিনায়কের কথায়, ‘আমিও জানি সাইফউদ্দিন চোটে পড়েছে। ওর জায়গায় কে যাবে, নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন। খুব শিগগির জানিয়ে দেবেন।’
পেস বোলিং অলরাউন্ডারের বেলাতেও যথেষ্ট বিকল্প এ মুহূর্তে লিটনের চোখে পড়ছে না। তিনি জানান, সবশেষ দলে যে তিন অলরাউন্ডার ছিলেন, তাঁদের সবাই চোটে; তাই পরিস্থিতি খানিকটা কঠিন। অবশ্য কোচরা কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন, আর তাঁদের কাছ থেকে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ভালো কিছু মিলবে বলে আশা বাংলাদেশ অধিনায়কের।